সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

ইউপি ভোট : ১০ ডিসেম্বরের মধ্যে তফসিলের সম্ভাবনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১০ বার
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পিছিয়ে যাওয়ায় সেপ্টেম্বরে রাজনৈতিক দলের সঙ্গে নির্ধারিত সংলাপ বাতিল করেছিল কমিশন।

আগামী নভেম্বরের শেষ দিকে আবারও সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি। এরপর ১০ ডিসেম্বরের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে সব স্থানীয় সরকার নির্বাচন নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ইসির কর্মকর্তারা বলছেন, সংলাপের জন্য ইসি সচিবালয়ের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

নির্বাচন পিছিয়ে যাওয়ায় সংলাপ বাতিল হয়েছিল। ইসি আনুষ্ঠানিক সিদ্ধান্ত দিলেই নভেম্বরের শেষ দিকে সংলাপ হতে পারে।জানা গেছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাবে ইসি। এর মধ্যে রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি থাকবেন সংলাপে।

ইসির কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচন যেমন সুশৃঙ্খলভাবে এবং কোনো ধরনের গণ্ডগোল ছাড়া সম্পন্ন হয়েছে। সেভাবে স্থানীয় সরকার নির্বাচনও সুশৃঙ্খল করতে দলগুলোর কাছে সহযোগিতা চাইতেই সংলাপের আয়োজন করা হচ্ছে। এদিকে পাঁচ ধাপে ইউপি নির্বাচন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

গত ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ দিয়েছে ইসি। সেই অনুযায়ী প্রথম ধাপে ভোট হবে ২১ জানুয়ারি; দ্বিতীয় ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ২৯ এপ্রিল; চতুর্থ ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের নির্বাচন হবে ২৭ মে।

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে এসব নির্বাচনের তফসিল ঘোষণা হবে।এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ইউপির তফসিল দেওয়ার আগেই রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে পরামর্শ নেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির।

তিনি বলেন, আমরা ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছি। ২১ জানুয়ারি এ নির্বাচন শুরু হয়ে শেষ হবে ২৭ মে। আর তফসিল ঘোষণা হবে ভোট গ্রহণের ৪০-৪৫ দিন আগেই। তাই তফসিল ঘোষণার আগেই নভেম্বরের শেষ দিকে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার পরিকল্পনা নিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com