

ছয় জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ১৪, চট্টগ্রামে ১০, ফরিদপুরে ৮, ময়মনসিংহে ৭, চাঁদপুরে একজন ও কুষ্টিয়ায় একজন মারা যান। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে বাকি সাতজন মারা যান। আজ সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের পাঁচজন, নওগাঁর একজন, পাবনার একজন ও মেহেরপুরের একজন রয়েছেন।
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও সাতজনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে দুজন করোনায় এবং পাঁচজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া দুজনের মধ্যে ময়মনসিংহ সদরের হালিমা খাতুন (৩৫) ও অন্যজন নেত্রকোনা সদরের হোসনে আরা (৬২)।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনা ও জামালপুরের একজন রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নূর হোসেন (৫৫), সাত্তার খান (৫৫), গফরগাঁওয়ের শামসুন্নাহার (৮৫), নেত্রকোনার দূর্গাপুরের জয়নব বানু (৭০) ও জামালপুরের ইসলামপুর উপজেলার করিমন (৫২)।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে গত ২৪ ঘন্টায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ১৯১ট। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১৩.৬১%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু হয়।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩২৯টি নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ০১ শতাংশ। আজ সোমবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্ত ১৪ শতাংশ। আজ চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফরিদপুর ও রাজবাড়ীর ৩ জন করে এবং মাগুরা ও মাদারীপুরের ১ জন করে আছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর উপজেলার দেলোয়ার হোসেন (৯০) ও রাজবাড়ীর বালিয়াকান্দির ইলা রানী (৬৫)।