

তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন হবার কথা রয়েছে। গত নির্বাচনে নৌকার বিরুদ্ধে থাকা নেতা কর্মীরাও হতে চান নৌকার মাঝি।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, ১৩টি ইউনিয়নের ১১ জন বর্তমান চেয়ারম্যান আবারো দলীয় মনোনয়ন পেতে ফর্ম জমা দিয়েছেন। তাদের মাঝে ছয়জন গত উপজেলা নির্বাচনে নৌকার বিপক্ষে ছিলেন এবং একজন ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন।
নৌকার বিরোধীতা করে এবার নিজেরাই ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চাওয়ার বিষয়টি নিয়ে বিব্রত দলীয় নেতাকর্মীরা। তাদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সমালোচনা, গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পরাজিত হন একই দলের বিদ্রোহী প্রার্থীর কাছে।
এসব ব্যাপারে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল বলেন, যারা আওয়ামী লীগে থেকে নৌকার বিরোধীতা করে আমি তাদের ঘৃণা জানাই। বিগত নির্বাচনে যারা নৌকার বিপক্ষে কাজ করে এবার নৌকা চাইছে তাদের আমলনামা কেন্দ্রে পাঠাবো। কেন্দ্র যা ভালো মনে করবে তাই করবে। দল থেকে যাকে নৌকা প্রতীক দেয়া হবে আমরা তার জন্যই কাজ করব।