

রংপুরের হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠার পর ওই ঘটনার সব ধরনের প্রতিবেদন চেয়েছে উচ্চ আদালত। বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ১১ই নভেম্বরের মধ্যে ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদন, ময়নাতদন্ত, অপমৃত্যুর মামলার বিস্তারিত প্রতিবেদন আকারে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্ত প্রতিবেদনের উপর আগামী ১৫ই নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
এর আগে এ ঘটনায় রংপুর পুলিশ কমিশনারের পাঠানো প্রতিবেদন আদালতে পড়ে শোনান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। প্রতিবেদনে বলা হয়, রংপুরের হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, তাজুলের মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল রিপোর্টে আঘাতের চিহ্ন নেই উল্লেখ করা হয়েছে। ওই ব্যক্তির কাছে পাঁচ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছিলো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।