বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সিরিয়ায়ও ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ বার

ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য বিমান বাহিনীর মাধ্যমে সিরিয়ায় ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। একটি সি-১৩০-জে পরিবহন বিমানযোগে এসব সামগ্রী পাঠানো হবে।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ত্রাণ সহায়তার জন্য বড় তাবু, ছোট তাবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার এবং ওষুধ পাঠানো হবে। এ মিশনের নেতৃত্ব দেবেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।

জরুরি ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। সি-১৩০-জে পরিবহন বিমানটি বাংলাদেশ থেকে ১০ ফেব্রুয়ারি সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেখানে ত্রাণ পৌঁছানোর পর পুনরায় দেশে ফিরে আসবে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়। অসংখ্য মানুষ নিহত হওয়ার পাশাপাশি অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে ওই স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

এর আগে তুরস্কে ৪৬ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ সরকার। সেখানে আছেন সেনাবাহিনী থেকে ২৪ সদস্যের একটি উদ্ধারকারী দল, ১০ জনের একটি মেডিক্যাল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ সদস্য। দলটি জরুরি ত্রাণ এবং চিকিৎসাসামগ্রীসহ বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০-জে পরিবহন বিমান দিয়ে তুরস্কের আদানা সাকিরপাশা বিমানবন্দরে পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com