দণ্ডবিধির ১২৪-এ ধারা তথা রাষ্ট্রদ্রোহ আইন সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করার আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান এই রিটটি দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়েছে, দণ্ডবিধির এই ধারাটি নাগরিকদের মৌলিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতায় গুরুতর বাধা সৃষ্টি করছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা বা ভিন্নমত প্রকাশের অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে, যা রাষ্ট্রদ্রোহের আওতায় পড়া উচিত নয়।
এতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রদ্রোহ আইনটি মূলত ব্রিটিশ ঔপনিবেশিক আমলের একটি আইন। তৎকালীন সময়ে স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে এটি প্রণীত হয়েছিল, যা বর্তমান স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। দণ্ডবিধির ১২৪-এ ধারাটি সংবিধানের ৭, ২৬, ২৭, ৩১, ৩২ এবং ৩৯ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারগুলোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
রিটকারী আইনজীবী ইশরাত হাসান এই ধারাটিকে কেন সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারির আবেদন করেন।
এ জাতীয় আরো খবর..