

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের জরুরি শেরপুর সফরের কারণে এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাতে জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ রোববার জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা ছিল। কিন্তু দলের আমির ডা. শফিকুর রহমানের জরুরি শেরপুর সফরের কারণে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।
আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের পরবর্তী তারিখ রোববার জানানো হবে বলেও জানান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
জানা গেছে, রোববার সকালে শহীদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানদের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করতে শেরপুরের শ্রীবরদীতে যাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে কয়েকটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে অনুষ্ঠেয় নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। এরপর দুপুর সাড়ে ১২টায় জামালপুরে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। সবশেষে ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও পথসভা করবেন ডা. শফিকুর রহমান।