

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপ এবার রূপ নিল আন্তর্জাতিক হুমকিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নজিরবিহীন চিঠিতে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্টোরকে জানিয়েছেন, তাকে নোবেল না দেওয়ায় তিনি এখন আর ‘শান্তি’ নিয়ে ভাবার প্রয়োজনবোধ করছেন না। এর বদলে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে ট্রাম্প তার ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই আমি আর কেবল শান্তি নিয়ে ভাবার বাধ্যবাধকতা অনুভব করছি না। এখন থেকে আমি আমেরিকার জন্য যা সঠিক ও ভালো, তা-ই করব।’
নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্টোর নরওয়েজীয় সংবাদপত্র ‘ভিজি’র কাছে এই চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাম্পের এই আক্রমণাত্মক মনোভাব মূলত ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে করা এক যৌথ বার্তার প্রতিক্রিয়ায় এসেছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজসম্পদে ভরপুর গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের দাবি নতুন নয়। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার সুর আরও চড়া হয়েছে। শনিবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘এখনই সময় এবং এটা (দখল) হবেই!’
গত বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম জোরেশোরে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এই পুরস্কার পান। যদিও মাচাদো পরে তার মেডেলটি ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন, কিন্তু তাতে মার্কিন প্রেসিডেন্টের ক্ষোভ কমেনি।
নরওয়ের প্রধানমন্ত্রী আবার স্পষ্ট করেছেন, নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীন এবং এতে সরকারের কোনো হাত নেই। তবে ট্রাম্পের সাফ কথাÑ ন্যাটোর জন্য তিনি অনেক করেছেন, এবার ন্যাটোর উচিত গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়া।