রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

কিডনি রোগীরা কি ডিমের কুসুম খেতে পারবেন?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১২ বার

কিডনির সমস্যা ধরা পড়লেই অনেকের খাবারের তালিকা থেকে বাদ পড়ে ডিমের কুসুম। প্রচলিত ধারণা, কিডনি রোগীদের জন্য ডিমের সাদা অংশ নিরাপদ হলেও কুসুম ক্ষতিকর। তবে এই ধারণা পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছেন কিডনি বিষয়ক চিকিৎসক বিবেক গোয়েল।

চিকিৎসকের মতে, ডিমের কুসুম ফেলে দিলে এর গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থেকেও বঞ্চিত হতে হয় শরীরকে। ডিমের সাদা অংশে মূলত প্রোটিন থাকে। অন্যদিকে, কুসুমে রয়েছে ভিটামিন এ, ডি, ই, বি১২, ফোলেট, কোলিন, লুটিন ও জিয়াজ্যানথিন।

কোলিন মস্তিষ্কের কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। লুটিন ও জিয়াজ্যানথিন চোখের সুস্থতায় ভূমিকা রাখে। অন্যদিকে, হাড়ের জন্য প্রয়োজনীয় ভিটামিন ডিও পাওয়া যায় ডিমের কুসুমে। তাই শুধু সাদা অংশ খেলে এসব পুষ্টি উপাদান পাওয়া যায় না।

চিকিৎসক বিবেক গোয়েল জানান, ডিমের কুসুমে কোলেস্টেরল থাকলেও শুধু কুসুম খাওয়ার কারণে কোলেস্টেরল বেড়ে হৃদ্‌রোগের ঝুঁকি তৈরি হবে- এমন ধারণা এখন আর বিজ্ঞান সমর্থন করে না। কিডনি রোগীদের ক্ষেত্রে বরং বেশি গুরুত্ব দিতে হবে ফসফরাসের মাত্রার ওপর।

ডিমের কুসুমে ফসফরাসের পরিমাণ তুলনামূলক বেশি। কিডনি ঠিকমতো কাজ না করলে শরীর থেকে ফসফরাস বের হতে সমস্যা হয়। এ কারণে কিডনি রোগীদের ফসফরাসের মাত্রা বিবেচনা করে কুসুম খাওয়ার পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন। তবে এটি পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বেশিরভাগ কিডনি রোগী দিনে একটি গোটা ডিম খেতে পারেন। যাদের শরীরে প্রোটিনের চাহিদা বেশি, বিশেষ করে ডায়ালিসিস চলছে এমন রোগীরা, তারা এক থেকে দুটি গোটা ডিমের পাশাপাশি আরও কয়েকটি ডিমের সাদা অংশ খেতে পারেন।

তবে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য নয়। শরীরে ফসফরাসের মাত্রা, কিডনি রোগের পর্যায় এবং প্রোটিনের চাহিদার ওপর নির্ভর করে ডিম খাওয়ার পরিমাণ নির্ধারণ করতে হবে।

অর্থাৎ, কিডনি রোগী হলেই ডিমের কুসুম খাওয়া বন্ধ করতে হবে, এমন নয়। কুসুমে থাকা প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি উপাদান শরীরের জন্য গুরুত্বপূর্ণ। তাই খাদ্যতালিকা থেকে কুসুম বাদ দেওয়ার আগে নিজের শারীরিক অবস্থা ও পরীক্ষার প্রতিবেদন নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com