

সিলেটে তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনাখুনি। পারিবারিক বিরোধ, জায়গা-জমি ও পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারসহ নানা কারণে মানুষ জড়াচ্ছে সংঘাতে। অনেক ক্ষেত্রে ছোটখাটো ঘটনায় নিজেদের আত্মীয়-স্বজনরা হয়ে উঠছেন ঘাতক। চলতি বছরের ১০ মাসে সিলেট জেলায় হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। এসব খুনাখুনির জন্য সামাজিক ও নৈতিক অবক্ষয়কে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
গত সোমবার সিলেটের গোয়াইনঘাটে টিনের চালের পানি পড়ার মতো তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হন এক যুবক। উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর গ্রামের ময়না মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে ছুরিকাঘাত করে খুন করেন তার চাচাতো ভাই আমির হোসেন। হত্যাকাণ্ডের পর পুলিশ আমির হোসেনকে আটক করেছে। গত ১৩ নভেম্বর ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগ্রামে পারিবারিক বিরোধ নিয়ে জুনেদ মিয়া তার বড় ভাই কবির মিয়া মারামারিতে লিপ্ত হন। এ সময় মারামারি থামাতে জুনেদ মিয়ার স্ত্রী অন্তঃসত্ত্বা লাকি বেগম এগিয়ে এলে ভাসুর কবির মিয়ার লাথিতে তিনি মারা যান। ২ নভেম্বর ওসমানীনগরের শেরপুর টোলপ্লাজার পাশে পারিবারিক বিরোধ নিয়ে ফুফাতো ভাইয়ের হাতে প্রাণ হারান সাইফুর রহমান নামের এক যুবক। সাইফুর ওই উপজেলার সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে। গত ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে নদীর ঘাটে শিশুর গোসল করা নিয়ে দুইপক্ষের মারামারি থামাতে গিয়ে নিহত হন ওই গ্রামের ষাটোর্ধ্ব আশিক মিয়া। গত ১২ আগস্ট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা জবাই করে খুন করে সিলেট চেম্বারের সাবেক পরিচালক মো. আবদুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা তাহমিনাকে। ২২ মে কোতোয়ালি থানার অদূরে কিশোর গ্যাংয়ের সদস্যের ছুরিকাঘাতে খুন হন র্যাব-৯ সদস্য ইমন আচার্য্য। একই দিনে জালালাবাদ এলাকায় মায়ের হাতে প্রাণ হারায় দেড় বছর বয়সি শিশু মাইমুনা জান্নাত তোহা। এভাবেই ছোটখাটো ঘটনা ও বিরোধে সিলেটে ঘটছে হত্যাকাণ্ড। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত ১০ মাসে সিলেটে ৬৭টি হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের মধ্যে ব্যবসায়ী, প্রবাসী, গৃহবধূ, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত অক্টোবরে। ওই মাসে সিলেটে ১২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক (অপরাধ) শংকর নন্দী মজুমদার জানান, গত ১০ মাসে জেলা পুলিশের ১১ থানায় হত্যাকাণ্ডের ৪০টি মামলা হয়েছে। জড়িতদের বেশির ভাগই গ্রেপ্তার হয়েছেন। ১০ মাসে মহানগরীর ৬ থানায় ২৭টি হত্যা মামলা রেকর্ডের তথ্য জানিয়ে এসএমপির গণমাধ্যম কর্মকর্তা উপকমিশনার মো. আফজাল হোসেন বলেন, ‘অধিকাংশ হত্যাকাণ্ড তাৎক্ষণিক উত্তেজনা ও তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটছে। সব হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত নয়।’ এদিকে তুচ্ছ ঘটনায় খুনোখুনির জন্য সামাজিক ও নৈতিক অবক্ষয়কে দায়ী করছেন সচেতন মহল। এ প্রসঙ্গে উন্নয়ন গবেষক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘সিলেটে সংগঠিত হত্যাকাণ্ডের পরিসংখ্যানকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। এটি আমাদের সমাজে অপরাধপ্রবণতা, অসহিষ্ণুতা, সামাজিক অবক্ষয় এবং নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির ইঙ্গিত বহন করে। মানুষ সামান্য বিরোধেও আইন নিজের হাতে তুলে নিচ্ছে। যা সিলেটের সম্প্রীতি, মানবিকতা ও অনুসরণীয় সামাজিক বন্ধন চর্চার মূলে কুঠারাঘাত করছে।’ এদিকে অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধে কঠোর অবস্থান নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত কয়েক দিন রাতের আঁধারে বিভিন্ন স্থানে নাশকতার ঘটনার পর পুলিশ সিলেট নগরজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা গ্রহণ করেছে। রাতের বেলা নগরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ব্লকরেড দেওয়ার পাশাপাশি যানবাহন ও পথচারীদের তল্লাশি করছে পুলিশ।