

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। আজ সোমবার বেলা ১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়।
এনসিপির প্রতিনিধিদলে রয়েছেন-দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হুসাইন।
এদিন নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আব্দুল্লাহকে কালো রঙের একটি গাড়িতে সচিবালয়ে আসেন। পরে আসেন আকরাম হুসাইন।
দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারপ্রধানের সঙ্গে এ বৈঠক হচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন।
সেই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হয়েছে। এনসিপিকে দিয়ে আজকের সংলাপ শুরু হলেও অন্য দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সূচি এখনো চূড়ান্ত হয়নি।