রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ইরান যুদ্ধের যৌক্তিকতা নিয়ে ট্রাম্প-ভ্যান্সের ভিন্ন সুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ঠেকাতে দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার সিদ্ধান্তকে সমর্থন করতেন কি না, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে এক সংবাদ সম্মেলনে প্রশ্নটি তিনি এড়িয়ে যান। একই সঙ্গে হামলার সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলে স্বীকার করা এবং সুযোগ পেলে আবারও একই সিদ্ধান্ত নিতেন এমন মন্তব্য করতেও রাজি হননি তিনি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, গত ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার নিজের দায়িত্ব হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করা।

ভ্যান্সের এই বক্তব্য ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট করেছে। সম্প্রতি মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভ্যান্স এই পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেন। একই সঙ্গে সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। তার এই অবস্থানকে অনেকেই ট্রাম্পের সঙ্গে মতপার্থক্যের প্রকাশ হিসেবে দেখছেন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন ভ্যান্স।

ভ্যান্স তার পোস্টে লেখেন, ‘আমাদের পরাজয়ের কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেও গত রাতে এ কথা বলেছেন। যদি কেউ মনে করেন, এই যুদ্ধের বিনিময়ে আগামী ছয় বছরের জন্য সিনেট হারানো সার্থক হয়েছে, তাহলে তিনি সেই যুক্তি তুলে ধরতে পারেন।’

শুক্রবার ট্রাম্প বলেন, ভ্যান্সের এই মূল্যায়নে তিনি অসন্তুষ্ট নন। তবে তার মতে, বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত ইরানে হামলা প্রয়োজনীয় ছিল এবং সুযোগ পেলে ভ্যান্সও একই সিদ্ধান্ত নিতেন, এমন স্বীকৃতি।

ট্রাম্প বলেন, ‘আমার অধীনে যারা কাজ করেন, তাদের নিজেদের মতামত প্রকাশের অধিকার রয়েছে। তবে আমি ইরানিদের চিনি। সত্যি বলতে, তারা পাগল।’

সংবাদ সম্মেলনে রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের বিনিময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানো সার্থক ছিল কি না, জানতে চাইলে ভ্যান্স বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা অত্যন্ত জরুরি। তার ভাষায়, ইরান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক। দেশটির হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে, এমনকি হাজার হাজার বা কয়েক লাখ নিরীহ মানুষের প্রাণহানিও ঘটাতে পারে।

তবে হামলার সিদ্ধান্তের পক্ষে সরাসরি অবস্থান না নিয়ে তিনি আবারও বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। ট্রাম্প জানিয়েছেন, সুযোগ পেলে তিনি আবারও একই সিদ্ধান্ত নেবেন। আর ভ্যান্সের দায়িত্ব হলো প্রেসিডেন্টকে সমর্থন করা।

ইরান যুদ্ধের বিরোধিতা ভ্যান্সের দীর্ঘদিনের অবস্থান। সংঘাত বন্ধে ওয়াশিংটনের প্রধান কূটনৈতিক দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। গত গ্রীষ্মে তার মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের কট্টরপন্থী নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ পুনরায় শুরু করতে ব্যক্তিগত চিঠিও পাঠিয়েছিলেন ভ্যান্স। তবে নির্বাচনী পর্যালোচনা নিয়ে তার পোস্ট প্রকাশের পরপরই ট্রাম্প এসব উদ্যোগ বন্ধ করে দেন। ভাইস প্রেসিডেন্টকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে।’

এদিকে, এশিয়ায় চার দিনের কূটনৈতিক সফর শেষে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ফেরেন ট্রাম্প। সফরের শেষ পর্যায়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। দুই নেতার সঙ্গে ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়ে সমালোচনাও হয়েছে। চীনে পৌঁছে শিকে আলিঙ্গন করেন তিনি এবং পুতিনকে ‘আমার বন্ধু’ বলে অভিহিত করেন।

তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা এই বৈঠককে পরিণত কূটনৈতিক নেতৃত্বের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের সঙ্গেও ট্রাম্পের সুসম্পর্ক ওয়াশিংটনের বৈশ্বিক শক্তির পরিচয় বহন করে।

ট্রাম্পের এশিয়া সফরের সময় ওয়াশিংটনে অবস্থান করা ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে সফরের প্রশংসা করেন। শুক্রবারের সংবাদ সম্মেলনে তিনি রসিকতা করে বলেন, ট্রাম্পের বিদেশ সফরের সময় যুক্তরাষ্ট্রে থেকে যাওয়াটা ১৯৯০ সালের পারিবারিক কমেডি চলচ্চিত্র ‘হোম অ্যালোন’-এর মতো ছিল। এর আগে বৃহস্পতিবার তিনি লিখেছিলেন, ‘কূটনীতিকে সত্যিকার অর্থে সুযোগ দিলে কত কিছুই না সম্ভব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com