রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার

দক্ষিণ কোরিয়ায় ইসলাম গ্রহণ করেছেন দেশটিতে জন্ম ও বেড়ে ওঠা প্রায় ৪৫ হাজার জাতিগত কোরীয় নাগরিক। তাদের মধ্যে তরুণদের আগ্রহ বেশি। রাজধানী সিউলের একটি মসজিদে প্রতি মাসে ইসলাম সম্পর্কে জানতে ও ধর্মটি গ্রহণ করতে আসছেন পাঁচ থেকে ২৫ জন।

গত ১২ অক্টোবর প্রকাশিত দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিউলের ইতাওন এলাকায় অবস্থিত সিউল সেন্ট্রাল মসজিদে প্রতি মাসে নতুন আগ্রহীরা ইসলামের মৌলিক বিষয়গুলো শেখার প্রশিক্ষণ নিতে আসেন। তাদের বেশির ভাগই পুরুষ। প্রশিক্ষণ শেষে আগ্রহীরা চাইলে শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করতে পারেন।

ইউসুফ নামের ৩০ বছর বয়সী এক কোরীয় নাগরিক ২০১৪ সালে ইসলাম গ্রহণ করেন। তার মতে, কোরিয়ার প্রতিযোগিতামূলক প্রেম ও বিয়ের সংস্কৃতিতে হতাশ হয়ে অনেক পুরুষ ইসলামের প্রতি আগ্রহী হচ্ছেন। তারা বিয়ের ক্ষেত্রে তুলনামূলক সহজ পথ খুঁজছেন।

তবে নারীদের ইসলাম গ্রহণের পেছনে বিয়ের বিষয়টি প্রধান কারণ নয়। প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া কয়েকজন নারী এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইসলামের সরলতার কথা উল্লেখ করেছেন। আরিয়াম নামের এক নারী বলেন, ইসলামে বড়দের প্রতি শ্রদ্ধার বিষয়টি তার নিজস্ব কোরীয় সংস্কৃতির সঙ্গেও মেলে। ফলে পরিবারের কাছে নিজের ধর্ম পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করা তার জন্য সহজ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিউল সেন্ট্রাল মসজিদে ইসলাম সম্পর্কে জানতে আসা কোরীয়দের বড় একটি অংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। কোরিয়ার প্রচলিত সামাজিক প্রত্যাশা ও জীবনযাপনের ধরনে অসন্তুষ্ট কিছু তরুণ বিকল্প পথ খুঁজছেন। তাদের কাছে ইসলাম সেই বিকল্পগুলোর একটি।

কোরিয়ায় ইসলামের ইতিহাস অবশ্য বেশ পুরোনো। দেশটিতে মুসলিম বণিকদের আগমন ঘটেছিল প্রাচীন সিলা রাজবংশের সময়। পরবর্তী বিভিন্ন রাজবংশের আমলেও মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি ছিল। তবে বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটিতে মুসলিমদের বসবাস ও ধর্মচর্চা বাধাগ্রস্ত হয়েছে।

আধুনিক দক্ষিণ কোরিয়ায় স্থানীয়দের ইসলাম গ্রহণের ক্ষেত্রে কোরীয় যুদ্ধের সময় তুরস্কের মুসলিম সেনাদের ভূমিকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের সংস্পর্শ ও সহায়তায় প্রথম ২৫০ জন স্থানীয় কোরীয় ইসলাম গ্রহণ করেছিলেন বলে প্রতিবেদনে বলা হয়।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও কোরীয় মুসলিমদের উপস্থিতি বাড়ছে। কোরীয় মুসলিম ইনফ্লুয়েন্সাররা নিজেদের জীবনযাপন, ধর্মীয় অভিজ্ঞতা ও সংস্কৃতি নিয়ে ভিডিও তৈরি করছেন। কেউ কেউ হিজাবের সঙ্গে ঐতিহ্যবাহী কোরীয় পোশাক হানবক মিলিয়ে নতুন ধরনের ফ্যাশনও তুলে ধরছেন। এতে তরুণদের কাছে ইসলাম সম্পর্কে জানার সুযোগ তৈরি হচ্ছে।

ইসলাম গ্রহণের পর কেউ কেউ সামাজিকভাবে বৈষম্য বা বিচ্ছিন্নতার মুখে পড়লেও নতুন মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা আপনজন খুঁজে পেয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছেন। আরিয়াম বলেন, সারা জীবন কোরিয়ায় থেকেও প্রথমবার সিউলের মসজিদে গিয়ে তার মনে হয়েছিল, অবশেষে তিনি নিজের ঘরে ফিরেছেন।

সূত্র: দ্য কোরিয়া টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com