

নির্বাচনী জনসভায় যোগ দিতে দুই দশকেরও বেশি সময় পর খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে খুলনা যাত্রা করবেন তিনি। পরে সেখান থেকে যশোরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। খুলনা ও যশোরে জনসভা উপলক্ষে দলীয় প্রস্তুতির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দুপুর ১২টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে দুপুর ১টায় তিনি খুলনা থেকে হেলিকপ্টারযোগে যশোরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে বিরামপুর সরকারি আদর্শ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় যোগদান করবেন বিএনপি চেয়ারম্যান। জনসভা শেষে বিকাল ২টা ৪০ মিনিটে তিনি যশোর থেকে হেলিকপ্টারযোগে ঢাকার পথে রওনা দিয়ে বিকাল ৪টার দিকে গুলশানের বাসায় ফিরবেন। বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এদিকে তারেক রহমানের সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভায় কয়েক লাখ লোক সমাগমের আশা তাদের।
জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জনসভাস্থল পরিদর্শন ও তদারকি করছেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ জনসভায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এর আগে সবশেষ ২০০৪ সালে খুলনা সফর করেন তিনি।
খুলনা-৩ আসনের বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, দলের চেয়ারম্যানকে সামনে পেয়ে তার মুখ থেকে কথা শুনতে চাইবে সবাই। এ জন্য আমরা যাতে সুন্দর একটি প্রোগ্রাম করতে পারি সে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি।
খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুবই আনন্দিত যে আমাদের উনি নিজে হাতে পরিচয় করিয়ে দেবেন। খুলনার সমস্যা নিয়ে উনি কাজ করছেন। সমস্যা সমাধানের জন্য উনার আগামী দিনের পরিকল্পনা খুলনায় প্রকাশ করবেন।
এদিকে তারেক রহমানের যশোরে আগমন ঘিরে জোর প্রস্তুতি চলছে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
প্রসঙ্গত, তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন। সেদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করেন। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করে ঢাকায় ফেরেন।
বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চল সফর শুরু করেন ২৯ জানুয়ারি। তিন দিনের সেই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফেরেন শনিবার। ২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ২২টি নির্বাচনী সমাবেশ করেছেন তারেক রহমান।
খালিশপুর থানার ওসি মো. তোহিদুজ্জামান বলেন, জনসমাবেশ ঘিরে আমরা নিরাপত্তা জোরদার করেছি। সমাবেশে আসা-যাওয়ার রাস্তা সব সময় পুলিশের নজরদারিতে থাকবে। এ ছাড়া গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আলাদাভাবে করা হয়েছে।