বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

৯০০ গোলের ম্যাজিক ফিগারে মেসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১ বার

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি ক্যারিয়ারে যোগ করলেন আরও একটি স্বর্ণালি পালক। ক্রিস্টিয়ানো রোনালদোর পর বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পেশাদার ফুটবলে ৯০০ গোলের অবিস্মরণীয় মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টিনার এই অধিনায়ক।

আজ বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ম্যাচ চলাকালীন নিজের ক্যারিয়ারের ৯০০তম অফিসিয়াল গোল করে ইতিহাস গড়েন এই মহাতারকা। ম্যাচ শুরুর মাত্র ৭ মিনিটের মাথায় লক্ষ্যভেদ করে তিনি পৌঁছে যান ৯০০ গোলের ম্যাজিক ফিগারে।

তবে ব্যক্তিগত এই অর্জনের রাতে দলীয় সাফল্য আসেনি। ইন্টার মায়ামি ১-১ গোলে ড্র করে নাশভিলে এসসির বিপক্ষে। দুই লেগ মিলিয়ে সমতা থাকলেও অ্যাওয়ে গোল নিয়মে বিদায় নিতে হয়েছে ইন্টার মায়ামিকে।

ম্যাচের শুরুতেই প্রথম ১০ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। বক্সের ভেতর বল পেয়ে বাম পায়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান ক্রিস্টিয়ান এসপিনোজা। এরপর আর জয়সূচক গোল পায়নি মায়ামি।

২০২৩ সালের জুনে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই অবিশ্বাস্য ফর্মে রয়েছেন মেসি। এখন পর্যন্ত ৯২টি ম্যাচে মাঠে নেমে তিনি গোল করেছেন ৮১টি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করেই মায়ামি লিগ কাপ এবং এমএলএস কাপ জয়ের স্বাদ পেয়েছে।

ক্লাবটির বর্তমান কোচ হাভিয়ের মাচেরানো তার সাবেক সতীর্থ মেসি সম্পর্কে বলেন, ‘লিও অনন্য। ৯০০ গোলের এই সংখ্যাটি পাগলাটে শোনালেও লিওর ক্ষেত্রে এটাই বাস্তব।’

মেসির এই গোলবন্যার পেছনে রয়েছে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য যাত্রা। বার্সেলোনার হয়ে ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৭৭৮ ম্যাচে তিনি করেছেন রেকর্ড ৬৭২টি গোল। এরপর পিএসজিতে দুই মৌসুমে ৭৫ ম্যাচে করেছেন ৩২ গোল। আর্জেন্টিনার হয়ে ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচে তার গোল সংখ্যা ১১৫টি।

মেসি সবচেয়ে বেশি গোল করেছেন যথাক্রমে সেভিয়া (২৫), আতলেতিক ক্লাব (২৪), আতলেতিকো মাদ্রিদ (২৩), ভালেন্সিয়া (১৮) এবং রিয়াল মাদ্রিদের (১৭) বিরুদ্ধে।

মেসির আগে একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। ৪১ বছর বয়সী রোনালদো বর্তমানে ৯৫৯টি গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন।

যদিও কিংবদন্তি ফুটবলার পেলে ১০০০-এর বেশি গোলের দাবি করতেন, তবে আরএসএসএসএফ-এর পরিসংখ্যান অনুযায়ী তার স্বীকৃত গোল সংখ্যা ৭৭৮টি। এ ছাড়া ব্রাজিলের রোমারিও করেছেন ৭৮৫টি গোল।

২০১২ সালে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ৯১টি গোল করার অবিশ্বাস্য রেকর্ডটিও মেসির দখলে। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগে দ্রুততম (১২৩ ম্যাচ) ১০০ গোল করার কৃতিত্বও তার। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই জাদুকর এখন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে টপকে যাওয়ার অপেক্ষায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com