

ফ্রান্সের জনপ্রিয় একটি সংবাদপত্রের প্রকাশ করা চাঞ্চল্যকর তথ্যে উঠে এসেছে ভয়ংকর এক পরিকল্পনার কথা। দেশটির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে অপহরণ এবং তার বাড়িতে হামলার পরিকল্পনা করেছিল একটি অপরাধী চক্র।
সংবাদে বলা হয়েছে, ১৮ বছর বয়সী ক্লেমঁ নামের এক যুবককে এই পরিকল্পনার সম্ভাব্য মূল হোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে। সংঘবদ্ধ চুরির অভিযোগে গত ২১ আগস্ট ফ্রান্সের নঁতের শহরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে থাকা ওই যুবক সেখান থেকেই অপরাধী চক্রকে বিভিন্ন নির্দেশনা দিতেন বলে তদন্তে উঠে এসেছে। বিশেষ করে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তিনি এসব নির্দেশনা দিতেন বলে ধারণা করা হচ্ছে।
কারাগার থেকে জব্দ করা দুটি যন্ত্র পরীক্ষা করে তদন্তকারীরা ২৬ জন ধনী ও পরিচিত ব্যক্তির ঠিকানার একটি তালিকা খুঁজে পান। ওই তালিকায় ব্যবসায়ী, সংগীতশিল্পী ও ফুটবলারের নাম ছিল। সেখানে কিলিয়ান এমবাপ্পের নামও পাওয়া যায়।
তদন্তকারীদের ধারণা, এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা করা হয়েছিল। একই তালিকায় একজন জনপ্রিয় সংগীতশিল্পী এবং কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর নামও ছিল, যাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ উঠেছে।
একজন ঘড়ি ব্যবসায়ীকে লক্ষ্য করে চালানো কয়েকটি অপরাধের ঘটনার পর তদন্ত শুরু হয়। তার বাড়িতে ভুয়া পণ্য সরবরাহকারী সেজে হামলার চেষ্টা করা হয়েছিল। এর কয়েক দিন পর তার দোকানেও চুরি সংঘটিত হয়।
এরপর সংঘবদ্ধ অপরাধ দমন বিভাগের তদন্তে ধীরে ধীরে পুরো চক্রটির সন্ধান পাওয়া যায়। তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘সে একজন সংগীতশিল্পী এবং ফুটবলার কিলিয়ান এমবাপ্পের ওপর হামলা চালাতে চেয়েছিল।’
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং এই অপরাধী চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা করছেন তদন্তকারীরা।