বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

ট্রাম্প-তদন্তে ইনফান্তিনোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্যদের করা তদন্তে সহযোগিতার মাত্রা ‘অত্যন্ত অপ্রতুল’ বলে অভিযোগ উঠেছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে। তদন্তটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর সম্পর্ক এবং ফিফার সঙ্গে ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠতা নিয়ে।

কমিটির ডেমোক্র্যাট সদস্যরা জানিয়েছেন, ইনফান্তিনোকে তদন্তের অংশ হিসেবে সাক্ষাৎকারে অংশ নেওয়া এবং প্রয়োজনীয় নথিপত্র দিতে বলা হলেও তিনি কোনো জবাব দেননি। গত ২৬ জুলাই কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন ইনফান্তিনোকে চিঠি দিয়ে তদন্ত শুরুর কথা জানান। সেখানে ফিফার পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর ‘দীর্ঘমেয়াদি প্রচেষ্টার’ বিষয়ে তদন্তের কথা বলা হয়।

রাসকিন ৯ আগস্টের মধ্যে চিঠির জবাব, প্রয়োজনীয় নথি সরবরাহ এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণের জন্য কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন। তবে ইনফান্তিনোর কাছে কোনো সমন জারি করা হয়নি। ফলে ওই অনুরোধ উপেক্ষা করায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি শাস্তির সুযোগ নেই।

এ বছরের বিশ্বকাপের আগে ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠতা ব্যাপকভাবে আলোচনায় আসে। বিশ্বকাপ চলাকালে ট্রাম্পকে ফিফার প্রথম শান্তি পুরস্কারও দেন ইনফান্তিনো।

বিশ্বকাপ শেষ হওয়ার পর জানা যায়, ফিফার বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। সেই পরিকল্পনায় প্রধান বিনিয়োগকারী হওয়ার কথা ছিল থ্রাইভ ইটার্নাল নামের একটি প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জোশুয়া কুশনার, যিনি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। ব্যাপক সমালোচনার মুখে পরে পরিকল্পনাটি প্রত্যাহার করে নেয় ফিফা।

প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটির ডেমোক্র্যাটদের এক মুখপাত্র বলেন, ‘কমিটির কর্মীরা ফিফার ঘুষ কেলেঙ্কারিসংক্রান্ত মামলার বিষয়ে একটি ব্রিফিং পেলেও তদন্তে অগ্রাধিকার পাওয়া কোনো নথি এখনো ফিফা দেয়নি। এর মধ্যে ট্রাম্প পরিবারকে ফিফা কত অর্থ দিয়েছে, ফিফা শান্তি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কী ঘটেছিল এবং বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির কুশনার-ইনফান্তিনো পরিকল্পনা কীভাবে তৈরি হয়েছিল—এসব প্রশ্নের উত্তরও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ফিফার সহযোগিতার মাত্রা অত্যন্ত অপ্রতুল।’

এদিকে নানা বিতর্কের মধ্যেও আগামী মার্চে নতুন চার বছরের মেয়াদে ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল ইনফান্তিনো। বর্তমানে তিনিই একমাত্র প্রার্থী। তবে গত ২৭ আগস্ট উয়েফা জানিয়েছে, তারা একজন গ্রহণযোগ্য বিকল্প প্রার্থী দাঁড় করানোর উদ্যোগ নেবে। প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com